বৃষ্টির পানিতে আটকা পড়ল পর্যটক এক্সপ্রেস
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের ষোলশহর স্টেশনের কাছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়েছে। রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তায় ট্রেনটি থামিয়ে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির প্রায় ৮০০ যাত্রী।

ভারী বর্ষণে রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে পড়া ট্রেন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো১ মিনিটে পড়ুন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে কিছুটা দূরে জানালী হাট স্টেশনের কাছে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর আড়াইটা পর্যন্ত ট্রেনটি সেখানেই থেমে ছিল।
এ বিষয়ে জানালী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন বলেন, ‘রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ট্রেনটিকে সামনে এগোতে দেয়া হয়নি। পানি নেমে গেলে এবং রেললাইন নিরাপদ হলে ট্রেন ছাড়বে।’
এদিকে, রেললাইনে গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটিও পথে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেয়া হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণকক্ষ) থেকে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে মঙ্গলবার সকাল থেকে নগরীর নিচু এলাকা ও রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।