ভিনিসিউস ও এন্দরিকের কঠোর সমালোচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল ২-১ গোলে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম এতো দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিলো ক্যানারিনহারা। ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল প্রথমার্ধে পাওয়া পেনাল্টি। অনেকের প্রত্যাশা ছিল ভিনিসিউস জুনিয়র পেনাল্টিটি নেবেন, কিন্তু কোচের সিদ্ধান্তে দায়িত্ব দেওয়া হয় ব্রুনো গিমারায়েসকে। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। এই সিদ্ধান্ত ঘিরেই পরে শুরু হয় ব্যাপক বিতর্ক।
হারের হতাশা কাটতে না কাটতেই ব্রাজিলের কিংবদন্তি রোমারিও কঠোর ভাষায় সমালোচনা করেন ভিনিসিয়ুস জুনিয়রের। তার মতে, দলের সবচেয়ে বড় তারকারই পেনাল্টি নেওয়ার দায়িত্ব নেওয়া উচিত ছিল।
রোমারিও বলেন, ‘আমি শুনেছি ও পড়েছি যে বলা হচ্ছে, ব্রুনো গিমারায়েস নাকি ভিনিসিউসের চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, কোচের নির্দেশ সে সম্মান করেছে। কিন্তু ভাই, এখানে সঠিক মানসিকতা দেখাতে হয়। ভিনিসিউসই দলের সবচেয়ে বড় তারকা, আমাদের সেরা খেলোয়াড়। বলটা তুলে নাও, পেনাল্টি নাও, ব্যস!’